পুবের কলম ওয়েবডেস্ক, ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধসের জেরে শনিবারও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হল না। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এদিন উত্তরবঙ্গ থেকে হাওড়া ও শিয়ালদহগামী ১৫টি দূরপাল্লার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। ফলে সপ্তাহান্তে যাত্রী দুর্ভোগ আরও বেড়েছে।
আরও পড়ুন:
বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, জলপাইগুড়ি রোড-শিয়ালদহ হমসফর এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, যোগবানি-কলকাতা এক্সপ্রেস, কাটিহার-হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং নাহারলাগুন-সাঁতরাগাছি বিশেষ ট্রেন।
আরও পড়ুন:
অন্যদিকে, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলি শনিবার চলবে কি না, তা নিয়ে এখনও রেলের সরকারি ঘোষণা মেলেনি। ফলে যাত্রীরা অনিশ্চয়তায়।
ট্রেন বাতিলের সুযোগে বেসরকারি বাসে ভাড়া বাড়ানোর অভিযোগও উঠেছে। যাত্রীদের দাবি, শিলিগুড়িগামী ভলভো বাসের ভাড়া বেড়ে তিন-চার হাজার টাকা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ বাস চালাচ্ছে।