মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এই অনুমোদন দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদগুলির পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এই ব্যবস্থার আওতায় আসবে।
আরও পড়ুন:
এতদিন মদিনার বহু মসজিদে নারীদের নামাজের স্থান শুধুমাত্র জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে সেগুলি বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
আরও পড়ুন:
এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্য কোনও কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।
তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।আরও পড়ুন:
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলির পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলিতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।