পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির জন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালীন এক ছাত্রী আন্দোলনের কর্মীর বাবাকে লোহার কড়া দিয়ে আঘাত করার অভিযুক্ত ইনফ্লুয়েন্সার স্বতন্ত্র ভরদ্বাজ এবার নিজের অপরাধকে 'আত্মরক্ষা' বলে সাফাই দিলেন। কোনো অনুশোচনা প্রকাশ না করে তিনি হুমকি দিয়েছেন, ভবিষ্যতে পরিস্থিতি এমন হলে তিনি আবারও একই কায়দায় আঘাত করবেন।

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে হিন্দু ও গোরক্ষক হিসেবে দাবি করা ভরদ্বাজ জানান, "উত্তেজিত জনতা আমাকে গণপিটুনি দেওয়ার উপক্রম করেছিল। সেই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে আমি হাত থেকে লোহার 'কড়া' খুলে ওই ব্যক্তির মাথায় আঘাত করতে বাধ্য হই। আবারও যদি আমাকে এভাবে কোণঠাসা করা হয়, তবে আমি একইভাবে আবারও আক্রমণ করব।

"

উল্লেখ্য, গত জুলাই মাসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে এক বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভে আসা এক নাবালিকা আন্দোলনকারীর বাবা কুমারকে লোহার কড়া দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ভরদ্বাজের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে আন্দোলনকারীরা প্যাটেল চক থেকে পার্লামেন্ট স্ট্রিট থানা পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। পরবর্তীতে আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদও এই বিক্ষোভে যোগ দেন।

সিজেপি মুখপাত্র সৌরভ দাস সাংবাদিকদের বলেন, প্রথম দিন থেকেই ওই নাবালিকা ও তাঁর বাবা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিচ্ছিলেন।

হঠাৎ একদল দুষ্কৃতী এসে সহিংসতা শুরু করে। আক্রান্ত পরিবারটি দলিত সম্প্রদায়ভুক্ত হওয়ায় এতে জাতিগত কোণ দৃশ্যমান। পুলিশের উচিত ছিল শুরুতেই এসসি/এসটি আইন ও খুনের চেষ্টার ধারা যুক্ত করা। তীব্র চাপের মুখেও পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সিজেপি ও আজাদ সমাজ পার্টির লাগাতার থানার সামনে অবস্থান বিক্ষোভ ও আন্দোলনের মুখে অবশেষে নতিস্বীকার করে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, সমস্ত ভিডিও ফুটেজ এবং নতুন শারীরিক পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই দ্রুত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।