পুবের কলম ওয়েবডেস্ক, চিকিৎসার জন্য কলকাতায় এসে থাকার জায়গা নিয়ে বিপাকে পড়েছেন বহু বাংলাদেশি রোগী ও তাঁদের স্বজন। বিশেষ করে ক্যানসারের চিকিৎসা নিতে আসা পরিবারগুলোর দুর্ভোগ সবচেয়ে বেশি। নিউ মার্কেট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা যাচাই শুরু হওয়ায় বেশ কিছু হোটেল ও অতিথিশালা বন্ধ হয়ে গেছে। ফলে হাসপাতালের কাছে সস্তায় থাকার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ঠাকুরপুকুরের ক্যানসার চিকিৎসাকেন্দ্রের আশপাশে এখন লাগেজ নিয়ে অপেক্ষা করছেন বহু রোগী ও তাঁদের স্বজন।

কেউ রাস্তার ধারে, কেউ ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। একই সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা থেকে চিকিৎসার জন্য আসা অসচ্ছল পরিবারও।

স্বজনদের বক্তব্য, কেমোথেরাপি নেওয়া রোগীকে নিয়ে প্রতিদিন দূর থেকে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর। অথচ সামর্থ্যের মধ্যে থাকার জায়গা না থাকায় তাঁদের সামনে কার্যত বিকল্পও নেই। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ হোটেল বন্ধ করার পাশাপাশি রোগীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক।