দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৩,৮০০-রও বেশি শিশুকে উদ্ধার করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই কমিশন ১২ জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুশ্রম এবং শিশু পাচারের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া শিশুদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নারী ও শিশু কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শিশুশ্রমে যুক্ত এবং পাচারের শিকার শিশুদের উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। এই সময়ের মধ্যে ৫৭৫টিরও বেশি এফআইআর নথিভুক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি শিশু উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশে—১,৪৮০ জন। এরপর রাজস্থানে ৮০৪ এবং গুজরাটে ৬৩০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুশ্রমের সম্ভাবনা বেশি এমন কারখানা, ইটভাটা, হোটেল, ধাবা, বাজার ও রেল স্টেশনের মতো এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হয়।

অভিযোগ, অল্প টাকার বিনিময়ে শিশুদের দিয়ে দীর্ঘ সময় ধরে কঠিন পরিশ্রম করানো হতো। উদ্ধার হওয়া শিশুদের দ্রুত পুনর্বাসনের জন্য রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রক।