পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পর এ বার দুর্নীতিদমন কমিশনের নজরে বেলেঘাটার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস। শনিবার বেলায় তাঁর বেলেঘাটার বাড়িতে অভিযান চালায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। দুর্নীতির টাকায় তিনি কোনও সম্পত্তি কিনেছেন কি না এবং তাঁর সম্পত্তির প্রকৃত উৎস কী, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়।
রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসে তৃণমূল আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে এক জন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই বিশেষ কমিশন গঠন করেছে।

সরকার বদলের পর থেকেই প্রাক্তন শাসকদলের একাধিক নেতা এবং কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েক জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে এবং কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ বার অলকানন্দা দাসের সম্পত্তি কমিশনের নজরে এসেছে।
এর কিছু দিন আগেই এই দুর্নীতিদমন কমিশন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোডের দু'টি সংস্থার দফতরেও হানা দিয়েছিল। এর মধ্যে একটি সংস্থা ‘হাকিম পলিমেকার’ মূলত প্লাস্টিক তৈরি করে এবং অন্যটি ‘হাকিম কেমিক্যালস’ রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারক। ওই সংস্থাগুলির সঙ্গে দুর্নীতির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেখানে তল্লাশি চালিয়েছিলেন তদন্ত কমিশনের আধিকারিকেরা।