পুবের কলম ওয়েব ডেস্ক: শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রতিটি জেলায় সেন্ট্রাল স্কুলের ধাঁচে আপাতত দু'টি করে ‘সিএম শ্রী’ বা ‘মুখ্যমন্ত্রী শ্রী’ ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এই নতুন মডেলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এই নতুন স্কুলগুলির পরিকাঠামো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জহর নবোদয় বিদ্যালয়ের মতো এই ‘সিএম শ্রী’ স্কুলগুলিতেও ষষ্ঠ শ্রেণি থেকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পরিকাঠামোগত চরম অব্যবস্থায় রাজ্যের স্কুলশিক্ষা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছিল বলেও তিনি মন্তব্য করেন। পূর্বতন সরকারের আমলের সেই বেহাল শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজিয়ে রাজ্যের হৃত গৌরব ফেরাতেই তাঁর সরকার বদ্ধপরিকর বলে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।