পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের জনসভার পর উত্তরাখণ্ডের হলদ্বানি রামলীলা ময়দানে বিজেপি কর্মীদের পরিচালনা করা 'শুদ্ধিকরণ অনুষ্ঠান'-কে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এই ঘটনায় উত্তরাখণ্ড বিজেপির একাধিক সদস্য এবং দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় একটি 'জিরো এফআইআর' রুজু করা হয়েছে। কংগ্রেসের অল ইন্ডিয়া এসটি সেলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান টি আর রামাপ্পার লিখিত অভিযোগের ভিত্তিতে গত ৩১ আগস্ট এই এফআইআরটি দায়ের করে কর্ণাটক পুলিশ।

উল্লেখ্য, গত ৮ আগস্ট নৈনিতাল জেলার হলদ্বানি রামলীলা ময়দানে এক বিশাল গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে। অভিযোগ উঠেছে, তার দু'দিন পর অর্থাৎ ১০ আগস্ট স্থানীয় বিজেপি কর্মী ও পদাধিকারীরা ওই একই ময়দানে 'শুদ্ধিকরণ' বা 'পবিত্রকরণ' আচার অনুষ্ঠান করেন।

অভিযোগকারী টি আর রামাপ্পা জানান, খাড়গে তফসিলি জাতিভুক্ত সম্প্রদায় থেকে আসার কারণেই তাঁর উপস্থিতিকে "অশুচি" হিসেবে তুলে ধরতে এই আচার পালন করা হয়, যা ছোঁয়াছুঁই প্রথা ও অস্পৃশ্যতার মানসিকতার বহিঃপ্রকাশ। দলীয় কর্মীদের এই অস্পৃশ্যতামূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, এটিকে প্রকাশ্যে সমর্থন ও যুক্তিসঙ্গত বলে দাবি করায় উত্তরাখণ্ড বিজেপি সভাপতি মহেন্দ্র ভাটকেও এফআইআরে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনাটি উত্তরাখণ্ডের হলেও আইনি অধিকার বলে বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় মামলাটি রুজু হয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই 'জিরো এফআইআর' অবিলম্বে উত্তরাখণ্ডের এক্তিয়ারভুক্ত হলদ্বাণী থানায় হস্তান্তর করা হবে। এই একই ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে দেশের অন্তত ৮টি ভিন্ন স্থানে একাধিক পৃথক এফআইআর রুজু করা হয়েছে।