পুবের কলম ওয়েব ডেস্ক: আগস্ট মাসে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। এই মর্মান্তিক ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের সুপার তথা এমএসভিপি প্রসেনজিৎ বরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্য থেকে পাঠানো বিশেষজ্ঞ দলের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি শিশুর মৃত্যুর কারণ এখন আলাদা ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
আগস্ট মাসে ওই হাসপাতালে এক দিনে ১০টি এবং তিন সপ্তাহের মধ্যে ৬০টির বেশি শিশুর মৃত্যুর খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দফতর।

পরিস্থিতির গুরুত্ব বুঝে উত্তরবঙ্গের অন্যতম প্রধান এই স্বাস্থ্যকেন্দ্রে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়। গত সপ্তাহে হাসপাতাল পরিদর্শনের পর চিকিৎসক প্রলয় আচার্যের নেতৃত্বাধীন ওই দল জানায়, শুধুমাত্র আগস্ট মাসেই সেখানে ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ দলের মতে, এই শিশুমৃত্যুর নেপথ্যে মূলত অপুষ্টি, জন্মের পর শ্বাসকষ্ট, হৃদ্‌রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানোর মতো কারণগুলি রয়েছে। প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসার সমস্ত নথি খুঁটিয়ে দেখা হচ্ছে।
চিকিৎসাজনিত কারণ ছাড়াও, পরিকাঠামোগত গাফিলতির কথাও উঠে এসেছে বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণে।
তারা জানিয়েছে, জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। পাশাপাশি, হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু ফাঁকফোকর চোখে পড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে। সুপারের অপসারণের বিষয়টি নিশ্চিত করে মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের রিপোর্টের নির্দেশ অনুযায়ী এই রদবদল করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে বিশেষজ্ঞ দল।