পুবের কলম ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের তলায় ধস নামার কারণে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে বহু মানুষ শনিবারেও ধর্মতলায় বাসের জন্য ভিড় জমান। সরকারি বাসগুলির টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখা যায়। দুপুরের মধ্যেই সরকারি এসি বাসের সমস্ত টিকিট শেষ হয়ে যাওয়ায় যাত্রীদের অগত্যা বেসরকারি বাসের দিকে ঝুঁকতে হয়।
আরও পড়ুন:
চাহিদা তুঙ্গে থাকার সুযোগ নিয়ে বেসরকারি বাসগুলি কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, বেসরকারি স্লিপার বাসে একটি টিকিটের দাম প্রায় দু'হাজার টাকা হাঁকানো হচ্ছে। শুক্রবার অনেককে পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হয়েছিল। ট্রেন বাতিল হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা ধর্মতলায় এসে বাসের টিকিট না পেয়ে প্রবল হয়রানির শিকার হন।
আরও পড়ুন:
তবে যাত্রীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। শনিবার সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় ফরাক্কায় রেললাইন মেরামতির কাজ দ্রুত গতিতে এগিয়েছে। বেলার দিকে ওই লাইনে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো শুরু করেছে রেল। ট্রায়াল রান সফল হলে ধাপে ধাপে ইনস্পেকশন ভ্যান ও এলএইচবি কামরা চালিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। রেল কর্তৃপক্ষের আশা, সব ঠিক থাকলে শনিবার বিকেলের মধ্যেই ফরাক্কা দিয়ে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে।