পুবের কলম ওয়েবডেস্ক, কলকাতার ঢাকুরিয়ার একটি নামী সাঁতার ক্লাবে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার পুলে সাঁতার কাটতে নেমে জলে তলিয়ে যায় ১৬ বছরের সরিপ ঘোষ। একাদশ শ্রেণির এই ছাত্র প্রায় সাত বছর ধরে নিয়মিত সাঁতার কাটত। ফলে অভিজ্ঞ এই সাঁতারুর এমন আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনেই ওই দিন পুলে নেমেছিল সরিপ। কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকাই সে জলের নীচে তলিয়ে যায়। পরিবারের অভিযোগ, প্রায় ১৫ মিনিট ধরে বিষয়টি কারও নজরেই আসেনি। পরে নজরে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সরিপের পরিবার।
আরও পড়ুন:
তাঁদের অভিযোগ, সেই সময় প্রশিক্ষক বা জীবনরক্ষীরা কোথায় ছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলে নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, অভিজ্ঞ সাঁতারু হয়েও কীভাবে সরিপ ডুবে গেল এবং মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না—সবই তদন্ত করে দেখছে পুলিশ।