ওয়াহিদ রেজা: গোপন সূত্রে খবরের ভিত্তিতে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক-সহ তিন কারবারিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে লালগোলা থানার পুলিশ ৫৮১ গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই নিষিদ্ধ মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষাধিক টাকা।
আরও পড়ুন:
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার রাতে লালগোলার ছাগলহাট মাঠ সংলগ্ন এলাকায় মাদক হাতবদলের তোড়জোড় চলছে বলে খবর পায় পুলিশ। লালগোলা থানার ওসি অমিত ভগতের প্রত্যক্ষ উদ্যোগ ও নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত সেখানে হানা দেয়।
হাতেনাতে পাকড়াও করা হয় তিন জনকে। ধৃতদের নাম মোমিনুল হক, আমির সোহেল ও ইজাজুল হক। ধৃতদের তল্লাশি চালিয়ে ৫৮১ গ্রাম হেরোইনের পাশাপাশি তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, সেই চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।