পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তাহান্তে সাময়িক বিরতির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুরু হচ্ছে ঝড়বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্তমানে মৌসুমী অক্ষরেখার পাশাপাশি আরও একটি অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এই ত্রিফলা প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পাশাপাশি, উত্তরবঙ্গেও আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে দুর্যোগ।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা।

মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানে কমলা সতর্কতা রয়েছে। বুধবার বৃষ্টি বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ওই দিন কলকাতাতেও হলুদ সতর্কতা জারি থাকবে।
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির ভ্রুকুটি থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করবে এবং বৃষ্টির পরিমাণ কমে গিয়ে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।