পুবের কলম ওয়েবডেস্ক, মদ্যপানের পর আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন একের পর এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁদের। মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা বিধানসভা এলাকায় শনিবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা মূলত পাতন, গুগরা, চৌকা, নওরাজ এবং মাগরধা গ্রামের বাসিন্দা। প্রত্যেকেই মদ্যপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথেই তাঁদের মৃত্যু হয়।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত মদ পান করার ফলেই এই মৃত্যুগুলি হয়ে থাকতে পারে।
তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।আরও পড়ুন:
কোন ধরনের মদ তাঁরা পান করেছিলেন, সেটি কোথা থেকে কেনা হয়েছিল এবং ওই এলাকায় বেআইনি চোলাই মদের কারবার চলছিল কি না—এসব বিষয়ও তদন্তকারীদের নজরে রয়েছে। পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। উল্লেখ্য যে, এর আগে গত মাসে গুজরাটের ভাবনগরে বিষাক্ত মদ খেয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল।