পুবের কলম ওয়েব ডেস্ক: নদিয়ার চাকদহ থানার শিমুরালিতে একটি জমির মালিকানাকে কেন্দ্র করে বিজেপির দুই বিধায়কের মধ্যে প্রকাশ্যে বিবাদ শুরু হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রস্তাবিত কল্যাণী বিমানবন্দরের কাছে নরপতিপাড়া মৌজায় ১১ শতক একটি জমির অধিকার দাবি করেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীমকুমার বিশ্বাস এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। ওই বিতর্কিত জমিতে ইতিমধ্যেই দু'জনেই নিজেদের নামে আলাদা বোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

রানাঘাট দক্ষিণের বিধায়ক অসীমকুমার বিশ্বাসের দাবি, তিনি জমির সমস্ত রেকর্ড এবং আইনি নথি যাচাই করে ২০২১ সালেই ওই সম্পত্তি কিনেছিলেন। কার নথি জাল, তা আদালতেই প্রমাণিত হবে বলে তিনি সাফ জানিয়েছেন।

অন্যদিকে, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার জানিয়েছেন, বিএলআরও-র কাছে জমির পুরনো ইতিহাস ও মালিকানা যাচাই করে গত ২৫ অগস্ট তিনি ওই এলাকার মোট ৩২ শতক জমি রেজিস্ট্রি করেছেন। তাঁর অভিযোগ, জমি রেজিস্ট্রির দিন রানাঘাট দক্ষিণের বিধায়কের অনুগামীরা বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন।

সম্প্রতি কলকাতা বিমানবন্দরের বিকল্প হিসেবে কল্যাণীতে দ্বিতীয় বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করেছে সরকার। এর পরেই প্রস্তাবিত ওই এলাকার সংলগ্ন জমির দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে একই জমির দখল নিয়ে বিজেপির দুই বিধায়কের এই লড়াই ও পালটা দাবি ঘিরে জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।