পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানা সরকারের ৫০৪ কোটি টাকার সরকারি তহবিল তছরুপ ও তছরুপের মামলায় এবার জোরালো পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। গত ২ সেপ্টেম্বর পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া তৃতীয় চার্জশিটে সিবিআই ৬ জন আইএএস অফিসার, একাধিক ব্যাংক কর্মকর্তা এবং সরকারি কর্মচারীসহ আরও ১৯ জন অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বহুল আলোচিত এই দুর্নীতি মামলায় মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭-এ। সূত্রের খবর, নতুন চার্জশিটে নাম থাকা ১৯ জনের মধ্যে হরিয়ানা ক্যাডারের ৬ জন আইএএস কর্মকর্তা ছাড়াও আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ৩ জন কর্মকর্তা, এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের ১ জন কর্মকর্তা এবং হরিয়ানা সরকারের আরও ৯ জন কর্মচারী রয়েছেন।


 
সিবিআই-এর তদন্তে উঠে এসেছে, ব্যাংক কর্মকর্তা ও সরকারি আমলাদের এক যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের এই সুপরিকল্পিত ছক কষা হয়েছিল। হরিয়ানা অর্থ দপ্তরের আর্থিক বিধিমালা ও জালিয়াতি প্রতিরোধ সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা লঙ্ঘন করে মোট ৮টি সরকারি দপ্তর ও সংস্থার তহবিল আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় স্থানান্তরিত করা হয়। টাকা ট্রান্সফার করার পর তা সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে ঘুরিয়ে দেওয়া হতো। এরপর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন আড়াল করে টাকা নগদে রূপান্তর করে আত্মসাৎ করা হয়।

 
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীন অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, তথ্য-প্রমাণ লোপাট, হিসাবের খাতা বিকৃতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় ঘুষ গ্রহণ ও পদে থেকে অপরাধমূলক আচরণের মামলা যুক্ত হয়েছে। সিবিআই এ পর্যন্ত মোট ৫৪টি স্থানে তল্লাশি চালিয়ে ২৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযান চালিয়ে সিবিআই অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের সোনা এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করেছে।