লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠেছে গুজরাতের ভবনগরের এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ভবনগর বাসস্ট্যান্ডের কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই জনসমক্ষে তাঁকে দড়ি দিয়ে বেঁধে হাঁটানো এবং লাঠি দিয়ে মারধর করে পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ফয়জ়ল ওরফে খাটকি লখানি। কাজলবেন বরাইয়া নামে এক তরুণীকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কয়েক বছর ধরে দু’জন লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গত ৩ সেপ্টেম্বর ভবনগর বাসস্ট্যান্ডের কাছে কাজলবেনকে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পরদিন তাঁর মৃত্যু হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লখানিকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
পুলিশের দাবি, ঘটনার দিন কাজলবেন এবং তাঁর বন্ধু রবির সঙ্গে লখানির বচসা হয়েছিল। লখানির সন্দেহ ছিল, রবির সঙ্গে কাজলবেনের প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও রবি পুলিশের কাছে দাবি করেছেন, মদ্যপানকে কেন্দ্র করেই বচসা হয়েছিল।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কাজলবেনকে রাস্তায় ফেলে মারধর করেন লখানি। তাঁর বুকে ও পেটে লাথি-ঘুষি মারা হয় এবং পাথরে মাথা ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাঁর মৃত্যু হয়। পুলিশ আরও জানিয়েছে, লখানির বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি ও মারধরের অভিযোগে মামলা রয়েছে।