ক্যামাক স্ট্রিট কাণ্ডে এ বার ডেবরার প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার ভোরেই তাঁর বাড়িতে পৌঁছে নোটিস দিয়ে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় থানায় হাজির হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে আধিকারিকরা হুমায়ুনের বাড়ির দরজায় বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন।

পরে বাড়ির এক কর্মী বাইরে এলে তাঁর হাতে নোটিস তুলে দেওয়া হয়। নির্দিষ্ট দিনে হুমায়ুন থানায় হাজিরা দেবেন বলে পুলিশকে জানান ওই কর্মী। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়।

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

পুরকর্মীরা বিলবোর্ড সরাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ।  ঘটনায় ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের নাম উঠে এসেছে। একই মামলায় মঙ্গলবার ডেরেক ও’ব্রায়েনকেও ফের তলব করা হয়েছে।