পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের মাত্র কয়েক দিনের মধ্যেই দেশের ৮টি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলো। শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রক এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যম 'এক্স'-এ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই নতুন নিয়োগের বিষয়ে নিশ্চিত করে বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। পুনর্গঠিত তালিকায় কলকাতা, বোম্বে, পাটনা এবং রাজস্থান হাইকোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ উচ্চ আদালত অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোম্বে হাইকোর্টের বিচারক বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এলাহাবাদ হাইকোর্টের বিচারক বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হয়েছেন। ছত্তীসগঢ় হাইকোর্টের বিচারক বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়াল রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। দিল্লি হাইকোর্টের বিচারক বিচারপতি ভ্যালুরি কামেশ্বর রাও পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই হাইকোর্টের বিচারক বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। উড়িষ্যা হাইকোর্টের বিচারক বিচারপতি কৃষ্ণ রাম মহাপাত্র ছত্তীসগঢ় হাইকোর্টের শীর্ষ বিচারকের দায়িত্ব পেয়েছেন। গুজরাট হাইকোর্টের বিচারক বিচারপতি অলপেশ যশবন্ত কোগজে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন। রাজস্থান হাইকোর্টের বিচারক বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন।আরও পড়ুন:
রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতার নজিরবিহীন ও গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিচার বিভাগে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আইন মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, অবিলম্বে নবনিযুক্ত প্রধান বিচারপতিগণ স্ব-স্ব উচ্চ আদালতে দায়িত্ব গ্রহণ করবেন। আইনি বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েকটি প্রধান হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের ফলে মামলা নিষ্পত্তির গতি দ্রুততর হবে।