পুবের কলম ওয়েব ডেস্ক: মহাকাশ গবেষণা ক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণের জেরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে পড়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কর্মীরা। সংস্থার ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোচ্ছে এবং বেসরকারিকরণ কতদূর পর্যন্ত হবে, তা স্পষ্টভাবে জানতে চেয়ে ইসরোর ডিরেক্টর ভি নারায়ণনকে কড়া চিঠি দিলেন প্রায় ৫ হাজার বিজ্ঞানী ও কর্মী। জানা গিয়েছে, এই বেসরকারিকরণের আশঙ্কায় ইতিমধ্যেই শতাধিক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার ইসরো ছেড়েছেন।

২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিকে কাজ করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

বর্তমান সরকারি নীতি অনুযায়ী, রকেট তৈরি বা স্পেস সিস্টেম পরিচালনার মতো কাজগুলি আগামী দিনে সম্পূর্ণ বেসরকারি হাতে চলে যেতে পারে এবং ইসরো মূলত উন্নত প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণায় জোর দেবে। ইতিমধ্যেই এসএসএলভি রকেট তৈরির প্রযুক্তি হ্যাল-কে হস্তান্তর করেছে ইসরো। চিঠিতে কর্মীরা জানিয়েছেন, চুক্তির ভিত্তিতে বেসরকারিকরণে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু আগামী দিনে ইসরো নিজেরা রকেট না বানালে সংস্থার হাজার হাজার ইঞ্জিনিয়ার ও কর্মীর ভবিষ্যৎ কী হবে, সরকার যেন অবিলম্বে সেই বিষয়টি স্পষ্ট করে।