পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে হড়পা বানের ভয়াবহ বিপর্যয়ের ১০ দিন পর কাদামাটির তলা থেকে এক বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল। ঘটনাটি ঘটেছে নেপালের নুয়াকোট জেলার বিদুর পুরসভা এলাকায়। ৬৪ বছর বয়সি ওই বৃদ্ধার নাম চণ্ডিকা শ্রেষ্ঠা। টানা দশ দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর তাঁর এই ফিরে আসাকে এক প্রকার 'মিরাকল' বলেই মনে করছেন উদ্ধারকারীরা।

জানা গিয়েছে, হড়পা বানের জেরে বেত্রাবতী নদীর ধারের ওই এলাকা প্রবল স্রোতে ভেসে আসা কাদামাটিতে ঢেকে যায়। বৃদ্ধার চারতলা বাড়ির নিচের তিনটি তলাই সম্পূর্ণ মাটির তলায় চলে গিয়েছিল এবং চারতলারও অর্ধেক অংশ কাদায় ডুবে ছিল। সেখানে আর কেউ বেঁচে নেই ভেবেই তল্লাশি বন্ধ করে মাটি সরিয়ে রাস্তা তৈরির কাজে হাত দিয়েছিল নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ)। শনিবার সকালে সেই কাজ করার সময়ই হঠাৎ ধ্বংসস্তূপ থেকে এক ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা।

এরপর তড়িঘড়ি চারতলার একটি জানলা ভেঙে ভিতরে ঢুকে বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে সেনার হেলিকপ্টারে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

বিপর্যয়ের পর থেকে ওই বৃদ্ধার পরিবারের আরও চারজন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। চণ্ডিকা দেবীর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে পরিবার তাঁর শেষকৃত্যের আয়োজনও করে ফেলেছিল। দশ দিন পর তাঁকে জীবিত দেখে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না আত্মীয়রা। উল্লেখ্য, নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে রবিবার পর্যন্ত ১৩৩৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এখনও পাঁচ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।