পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রপুঞ্জে সদ্য পাস হওয়া তুলনামূলক নির্ভুল ও নতুন বিশ্ব মানচিত্র ‘ইকুয়াল আর্থ’-এর পক্ষে ভোট দিয়েছে ভারত। তবে এই মানচিত্রকে সমর্থন জানালেও দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নতুন বিশ্ব মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের নিজস্ব সরকারি মানচিত্র অনুযায়ীই দেখাতে হবে।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল একটি বিবৃতি দিয়ে জানান, রাষ্ট্রপুঞ্জে এই নতুন মানচিত্রের নীতিকে ভারত সমর্থন করেছে কারণ এতে সব মহাদেশের আয়তন সঠিক অনুপাতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মানচিত্র বদল সংক্রান্ত ‘কারেক্ট দ্য ম্যাপ’ নামের এই প্রস্তাবটি পেশ করে আফ্রিকার দেশ টোগো। ভোটাভুটিতে অংশ নেয় মোট ১৭১টি সদস্য রাষ্ট্র। এর মধ্যে ভারত-সহ ১৬৪টি দেশ নতুন এই ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র ব্যবহারের পক্ষে রায় দেয়। ছ'টি দেশ ভোটদানে বিরত ছিল। তবে একমাত্র আমেরিকা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ১৫৬৯ সালে জার্মান মানচিত্রবিদ জেরার্ডাস মার্কেটরের তৈরি ‘মার্কেটর মানচিত্র’ এতদিন বিশ্বজুড়ে ব্যবহার করা হত। কিন্তু দ্বিমাত্রিক ওই মানচিত্রে আয়তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকৃতি ছিল। সেখানে বিষুবরেখা থেকে দূরের মহাদেশগুলিকে প্রকৃত আয়তনের তুলনায় অনেক বড় এবং কাছের অঞ্চলগুলিকে ছোট দেখাত। এই ত্রুটি দূর করে মহাদেশগুলির আপেক্ষিক আয়তন সঠিক ভাবে তুলে ধরতে ২০১৮ সালে বোয়ান সাভরিচ, টম প্যাটারসন এবং বার্নহার্ড জেনি মিলে ‘ইকুয়াল আর্থ’ মানচিত্রটি তৈরি করেন। এখন থেকে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্তে এই নতুন মানচিত্রটিই স্বীকৃতি পেল।