পুবের কলম, ওয়েবডেস্ক: নয়াদিল্লির শ্রী রাম কলেজ অব কমার্সএর শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি নিজের সাম্প্রতিক ব্যবহার করা 'দিমাগী নকশাল' শব্দবন্ধটির প্রসঙ্গ টেনে আনেন। মোদী বলেন, এই শব্দটি ছিল একটি ‘হোমিওপ্যাথিক ওষুধের’ মতো, যা বিরোধীদের আসল চেহারা প্রকাশ্যে আনতে বাধ্য করেছে।
 
২০১৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এসআরসিসি-তে বক্তৃতা দেওয়ার এক দশক পর আবারও কলেজ প্রাঙ্গণে বক্তব্য রাখেন তিনি। জেন-জি অর্থাৎ তরুণ প্রজন্মের সামনে দেশের উন্নয়ন ও দূরদৃষ্টির রূপরেখা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে সামলে ওঠা একাধিক বিশ্বব্যাপী ও জাতীয় সংকটের উদাহরণ দেন।


 
লাল কেল্লার স্বাধীনতা দিবসের ভাষণে ব্যবহৃত নিজের মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদী বলেন, "হোমিওপ্যাথি চিকিৎসার শুরুতে রোগ যেমন প্রথমে একটু বাড়ে, ঠিক তেমনই 'দিমাগী নকশাল' রূপী অমোঘ দাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত 'দিমাগী নকশালরা' একে একে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। দেশবাসী এখন এই রোগকে প্রশ্রয় দেওয়া মানুষদের আসল রূপ দেখতে পাচ্ছে।" বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানান, করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা পশ্চিম এশিয়ার সংকটের সময় সমালোচকেরা ভেবেছিলেন মোদী আটকে গেছেন। কিন্তু দেশবাসীর ভালোবাসার শক্তিতে ভারত সমস্ত প্রতিকূলতা জয় করেছে।
 
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে রাজনৈতিক প্রচারণা বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সামাজিক মাধ্যম এক্স পোস্টে খাড়গে বলেন, দেশের যুবসমাজ ও তাদের সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগকে প্রধানমন্ত্রী আবারও নিজের "রাজনৈতিক প্রচারণার হাতিয়ার" হিসেবে ব্যবহার করেছেন।