পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের জমে থাকা প্লাস্টিক ও জঞ্জালে নদীর জল দেখাই যেত না, দুর্গন্ধে টেকাও ছিল দায়। সেই দূষিত নদীকেই টানা সাত মাস ধরে সম্পূর্ণ খালি হাতে পরিষ্কার করে অসাধ্য সাধন করলেন ২১ বছর বয়সি কলেজ ছাত্র সুরেন্দ্র সিংহ চৌধরি ওরফে বিট্টু। মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরা শহরের এই যুবকের কীর্তি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছেন।


বিজ্ঞানের স্নাতক স্তরের ছাত্র বিট্টুর বাবা-মা দু'জনেই স্বাস্থ্য দপ্তরের কর্মী। শহরের পাশ দিয়ে বয়ে চলা অজনার নদীকে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত হতে দেখে নিজেই তা পরিষ্কারের উদ্যোগ নেন তিনি। সাধারণ মানুষ বা পুরসভার কর্মীরা মুখ ফিরিয়ে রাখলেও, বিট্টু নিজের স্বাস্থ্যের তোয়াক্কা না করে কোনও যন্ত্রপাতির সাহায্য ছাড়াই দিনের পর দিন নদী থেকে প্লাস্টিকের বোতল ও আগাছা সাফ করেছেন। নদী পরিষ্কারের আগের এবং পরের দু’টি ছবি তুলে তিনি সমাজমাধ্যমে পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার পর গত শনিবার বিট্টুকে নিজের বাড়িতে ডেকে পাঠান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। যুবককে উৎসাহ দেওয়ার পাশাপাশি আগামী দিনে সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে টনক নড়েছে স্থানীয় পুরসভারও, তারা নদী এলাকায় জেসিবি ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করেছে। অন্যদিকে সমাজমাধ্যমে রটেছে যে, বিট্টুর কাজ দেখে নেদারল্যান্ডসের এক সংস্থার সিইও তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছেন।
যদিও বিট্টু জানিয়েছেন, এই বিষয়ে কেউ তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি।
তবে এত প্রশংসা ও খ্যাতির পরেও খুশি হতে পারছেন না এই যুবক। তাঁর আক্ষেপ, এত কষ্ট করে নদী পরিষ্কার করার পরেও সাধারণ মানুষের হুঁশ ফেরেনি। অনেকেই ফের আগের মতো নদীতে আবর্জনা ফেলতে শুরু করেছেন। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন। সাধারণ মানুষের এই উদাসীনতা চলতে থাকলে নদীটি খুব তাড়াতাড়ি ফের তার পুরনো অবস্থায় ফিরে যাবে বলে চরম হতাশা প্রকাশ করেছেন বিট্টু।