পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির মোতি বাগ এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন আচমকা ভেঙে পড়ে। চাণক্যপুরী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি অবস্থিত আনন্দ বনসলের মালিকানাধীন ওই বাড়িটিতে মূলত বহু পড়ুয়া ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। রবিবার ছুটির দিন হওয়ায় ঘটনার সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ভবনটি ভেঙে পড়ার সময় সেখানে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন।
দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকাজ শুরু করে।
দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি অমিত গোয়ল জানিয়েছেন, ঠিক কতজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বাড়িটি ভেঙে পড়ার কারণে নীচে পার্ক করে রাখা একাধিক গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও, স্থানীয়দের একাংশের দাবি, ওই ভবনের বেসমেন্টে নির্মাণকাজ চলার কারণেই এই বিপর্যয় ঘটেছে। আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।