পুবের কলম ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টির জেরে দিল্লির চাণক্যপুরী সংলগ্ন মোতিবাগ এলাকায় তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ছ’তলা বাড়ি। রবিবার বেলা দেড়টা নাগাদ ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ ও দমকল। আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। বাড়িটিতে মূলত বিভিন্ন জায়গা থেকে আসা কলেজ পড়ুয়ারা পেয়িং গেস্ট (পিজি) হিসেবে থাকতেন।

রবিবার ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় অনেকেই ওই ভবনে উপস্থিত ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর মতে, অন্তত ৫০ জন পড়ুয়া ওই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।
স্থানীয় মানুষজনও এই কাজে হাত মেলান। দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে থাকা অনেক পড়ুয়া বাঁচার জন্য মরিয়া হয়ে ভেতর থেকেই ফোনে সাহায্যের আর্তি জানাচ্ছেন।
বিধায়ক আরও জানান, ঠিক কতজন ভেতরে আটকে রয়েছেন তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন হলেও, তাঁদের নিরাপদে বের করে আনাই এখন প্রশাসনের একমাত্র লক্ষ্য। উদ্ধারকাজে গতি আনতে খোদ মুখ্যমন্ত্রী একটি পূর্ণাঙ্গ দল পাঠিয়েছেন এবং গোটা পরিস্থিতির দিকে সরকার গভীরভাবে নজর রাখছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রবল আশঙ্কা করছে প্রশাসন।