পুবের কলম ওয়েবডেস্ক :
রাতের অন্ধকারে কাঁটাতারের উপর দিয়ে সোনার বিস্কুট ভারতে পাচারের চেষ্টা। বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। নদিয়ার হালদারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৮৯টি সোনার বিস্কুট উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসে জওয়ানদের।
অভিযোগ, বাংলাদেশের দিক থেকে পাচারকারীরা কাঁটাতারের উপর দিয়ে কাপড়ে মোড়া একটি পুঁটলি ভারতের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা তাড়া করেন। পরে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮৯টি সোনার বিস্কুট। বিএসএফের হিসাবে উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১১,২৮১.৭৭০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০২ টাকা। উদ্ধার হওয়া সোনা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে। সীমান্ত দিয়ে সংগঠিত সোনা পাচারের নেটওয়ার্কের সন্ধান পেতেও তদন্ত শুরু হয়েছে।
ইতিমধ্যেই, উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করেছে বিএসএফ। ধৃত বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।