পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার মধ্য কলকাতার বৌবাজারে শতদল সঙ্ঘের দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠানে গিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোয় যাতে সুষ্ঠু পরিস্থিতি বজায় থাকে, তার জন্য সকলকে সংঘবদ্ধ থাকার বার্তা দেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ১৯৪৬ সালের দাঙ্গার সময় গুপ্তা বা জয়সবালের মতো অবাঙালি সম্প্রদায় যদি নিজেদের সম্পদ দিয়ে তলোয়ার তৈরির জন্য লোহা না দিতেন, তবে আজ উত্তর কলকাতায় ভদ্র ও বনেদি বাঙালিদের কোনও অস্তিত্বই থাকত না।
আরও পড়ুন:
বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি।
তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বক্তব্যকে সরাসরি ‘বাঙালির অপমান’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাঙালির নিজস্ব সংগ্রাম ও পরিচয়ের এক উজ্জ্বল ইতিহাস রয়েছে, তাই এমন মন্তব্য একেবারেই অনভিপ্রেত। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, সামনেই কলকাতা পুরসভার নির্বাচন। তাই পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ভোট টানার কৌশল করছে বিজেপি। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও এই মন্তব্যের কড়া সমালোচনা করে দাবি করেছেন, বিজেপির এই বক্তব্যের সঙ্গে বাস্তবের ইতিহাসের কোনও মিল নেই।