পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতন এলাকায় রবিবার ‘হোস্টেল ডেজ’ নামে একটি পাঁচতলা পেয়িং গেস্ট ছাত্রাবাস আচমকা ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর দেশের শিক্ষাগত পরিকাঠামো ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করেছেন 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপক।
 
ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস।

ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বহু শিক্ষার্থী ভেতরে আটকে থেকে মোবাইলে সাহায্য চেয়ে ফোন করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 
দুর্ঘটনার পরই এক্স-এ এক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান সিজিপি প্রধান অভিজিৎ ডিপক। তিনি উল্লেখ করেন, ঠিক আগের দিনই দিল্লি বিশ্ববিদ্যালয় সফরে গিয়ে রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং 'দিমাগী নকশাল' শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, কিন্তু দেশের শিক্ষার্থীদের শিক্ষা পরিকাঠামোর দুরবস্থা নিয়ে তিনি একটি কথাও বলেননি।
 

অভিজিৎ ডিপক প্রশ্ন তোলেন, "আজ সাউথ ক্যাম্পাসে একটি ছাত্রাবাস ধসে পড়েছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে বহু শিক্ষার্থী আটকে রয়েছে।

পরিকাঠামোগত ব্যর্থতার মূল্য আর কত দিন এভাবে ছাত্রছাত্রীদের দিতে হবে? একদিকে আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীরা সুযোগ-সুবিধার অভাবে মারা যাচ্ছে, অন্যদিকে দেশের রাজধানীতে পড়তে আসা ছাত্ররাও নিরাপদ নয়। আমাদের দাবি খুব সাধারণ—নিরাপদ শ্রেণীকক্ষ, নিরাপদ হোস্টেল এবং শিক্ষার্থীদের ন্যূনতম মর্যাদা। প্রধানমন্ত্রী কি আবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব্যাখ্যা দেবেন কীভাবে এই ভবনটি ধসে পড়ল?"