আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকাল থেকেই কলকাতা ও দিল্লিতে তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে খবর। কলকাতা ও দিল্লিতে তাঁর মেয়ে ও জামাইয়ের বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছেন বলে জানা গিয়েছে। তল্লাশি ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে প্রচুর সিআরপিএফ জওয়ান।

নাদিমুল হক একটি উর্দু সংবাদপত্রের মালিক। কলকাতার পার্ক সার্কাসের ১২, দরগা রোডে ‘আকবর-ই-মশরিক প্রাইভেট লিমিটেড’-এর দপ্তর রয়েছে। অভিযোগ, ওই সংবাদপত্রের দপ্তরকে ব্যবহার করে বেআইনি আর্থিক লেনদেন করা হয়েছে।

সেই লেনদেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অর্থও যুক্ত ছিল বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। এদিন দপ্তরে পৌঁছে ভিতরে ঢুকে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, কার সঙ্গে ওই অর্থ লেনদেন হয়েছে, টাকার উৎস কী এবং সংশ্লিষ্ট লেনদেনের বৈধ নথি রয়েছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতার পাশাপাশি দিল্লিতেও নাদিমুল হকের ঠিকানায় তল্লাশি চলছে।

সাউথ অ্যাভিনিউয়ের ৬১ নম্বরে তাঁর একটি অফিস রয়েছে, যা তৃণমূলের দিল্লির পার্টি অফিস হিসেবেও ব্যবহৃত হয়। সেখানেও সোমবার সকাল থেকে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। পাশাপাশি সাংসদের সরকারি বাংলোতেও তল্লাশি চলছে।

ইডির অভিযোগ, নাদিমুল হকের দপ্তর থেকে বেনামে একাধিক আর্থিক লেনদেন হয়েছে। সেই সমস্ত লেনদেনের উৎস ও গন্তব্য খুঁজে দেখতেই এই তল্লাশি বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। যদিও এই তল্লাশি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা সাংসদ নাদিমুল হকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।