পুবের কলম ওয়েব ডেস্ক: কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে দুর্গাপুজোর আগেই ফের ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকেই দুই বাংলার মধ্যে মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেসের চাকা পুনরায় গড়াতে পারে। এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে মঙ্গলবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় দু’দিনের আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (আইজিআরএম) শুরু হচ্ছে। এই বৈঠকে দুই দেশের রেল কর্তৃপক্ষের পাশাপাশি বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
রেলওয়ে সূত্রে খবর, পুরনো তিনটি ট্রেন পুনরায় চালুর পাশাপাশি এই বৈঠকে বাংলাদেশের তরফে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হতে পারে।

এছাড়াও, ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে আগের মতো যমুনা সেতুর বদলে পদ্মা সেতু দিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তারেক রহমানের সরকার আগ্রহী বলে জানা গিয়েছে। ভারতীয় রেল কর্তৃপক্ষও পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস এবং ২০২২ সালের ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। কিন্তু গত জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির জেরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে ১৯ জুলাই থেকে এই তিনটি ট্রেনের যাতায়াত সম্পূর্ণ স্থগিত হয়ে যায়। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সরকারের হাত ধরে ফের রেলপথে দুই বাংলার সেতুবন্ধনের আশা উজ্জ্বল হয়েছে।