পুবের কলম ওয়েব ডেস্ক: নবান্ন সভাঘর থেকে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার কিস্তি নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই যোজনার চতুর্থ কিস্তির টাকা পাঠানোর কথা ছিল। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। সরকারের এই নয়া ঘোষণার পরেই উপভোক্তাদের মনে প্রশ্ন উঠেছে, তাঁরা কি পূর্বনির্ধারিত ১৫ তারিখের বদলে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসের দিনেই অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাবেন।

অন্নপূর্ণা দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে বিশেষ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, ওই দিন কলকাতায় প্রায় এক লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাকে নিয়ে একটি বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বর্তমানে রাজ্যে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই যোজনার সুবিধা পাচ্ছেন। অন্নপূর্ণা দিবসের বিশেষ অনুষ্ঠানে উপভোক্তাদের জন্য নতুন করে কোনও ঘোষণা করা হয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

এরই পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যে কোনও সমস্যা বা অভিযোগ জানানোর জন্য সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। উপভোক্তারা সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারবেন। ফোন ছাড়াও ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানোর সুবিধা রয়েছে। এর জন্য উপভোক্তাদের asap@wb.gov.in ঠিকানায় মেল করতে হবে।