উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বর্তমানে বেহাল রাস্তায় নাজেহাল সাধারণ মানুষ। দিনের পর দিন রাস্তার অবস্থা খারাপ হলেও সংস্কারের কোনও স্থায়ী উদ্যোগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জয়নগর থেকে কুলপি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি বর্তমানে কার্যত কঙ্কালসার চেহারা নিয়েছে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে অজস্র ছোট-বড় খানাখন্দ ও গভীর গর্ত। স্থানীয়দের অভিযোগ, ওই গর্তগুলিই এখন এক একটি ‘মৃত্যুফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে।
বর্ষার মরসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলি জল।
কাদায় ভরে যাচ্ছে। ফলে দূর থেকে বোঝার উপায় থাকছে না, কোথায় রাস্তা আর কোথায় গভীর গর্ত। বিশেষ করে রাতের দিকে এই রাস্তা দিয়ে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।এই রাস্তার উপর নির্ভর করেন জয়নগর, কুলতলি, সাউথ বিষ্ণুপুর, মন্দিরবাজার সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ।বাস পরিষেবা এই রোডে না থাকায় প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা অটো, টোটো।সহ বিভিন্ন যানবাহনে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।কিন্তু বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত তাঁদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ করে দক্ষিণ বারাশত থেকে গোচরণ হয়ে বারুইপুরের দিকে যাতায়াতের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।বাস না থাকায় এই রুটের বহু মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটো ও টোটো। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ভারসাম্য হারিয়ে অটো ও টোটো উল্টে যাচ্ছে। দুর্ঘটনায় যাত্রী ও চালকরা আহত হচ্ছেন বলেও অভিযোগ।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। কোথাও কোথাও সাময়িকভাবে গর্তে মাটি বা নির্মাণসামগ্রী ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও কয়েক দিনের মধ্যেই ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে রাস্তা। ফলে ক্ষোভ আরও বাড়ছে।বাসিন্দাদের প্রশ্ন, আর কতদিন এই মৃত্যুফাঁদ পেরিয়ে যাতায়াত করতে হবে? একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের এমন বেহাল দশা কেন দীর্ঘদিন ধরে থাকবে, সেই প্রশ্নও উঠছে।ইতিমধ্যেই নতুন সরকার গঠনের ১০০দিন পার হয়েছে।সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।পুজোর আগে এই গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শুধু খানাখন্দ মেরামত নয়, পরিকল্পিতভাবে রাস্তার স্থায়ী ও টেকসই সংস্কার প্রয়োজন। নইলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
পুজোর আগে রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ করা হোক—এটাই এখন জয়নগর ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের একমাত্র দাবি।
শেষ আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪