পুবের কলম ওয়েব ডেস্ক: নিজের 'মিসেস ফানিবোনস' কলামে মুঘল ইতিহাস এবং খাবার নিয়ে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না। দেশে খাবার নিয়ে যে তল্লাশি অভিযান চলছে সেই বিষয়ে মজার ছলে লিখতে গিয়েই মুঘলদের প্রসঙ্গ টেনে বিতর্কে জড়িয়েছেন তিনি।
আরও পড়ুন:
টুইঙ্কল তাঁর কলামে লেখেন, ‘যাঁরা ভারতের ইতিহাসের বই থেকে মুঘলদের মুছে ফেলতে চান, তাঁদের সবার আগে নিজেদের দুপুরের খাবার দিয়ে তা শুরু করা উচিত। কোফতা, কোর্মা, কাবাবের মতো খাবারগুলি তাঁদের অবিলম্বে ত্যাগ করা উচিত।
এমনকি আসল হোক বা নকল, মোগলাই পনিরও তাঁরা আর পাতে রাখতে বা খেতে পারবেন না।’টুইঙ্কলের এই মন্তব্যের পরেই নেটমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শিমা খের নামে এক কন্টেন্ট ক্রিয়েটর-সহ আরও অনেক নেটাপ্রভাবীরা অভিনেত্রীর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি দীর্ঘ পোস্টে টুইঙ্কলের তীব্র সমালোচনা করে শিমা লেখেন, ‘একটি হিংসাত্মক ইতিহাসের সঙ্গে খাবারের তুলনা করা মোটেও মজার বা বুদ্ধিমানের কাজ নয়।’
আরও পড়ুন:
নিজের বক্তব্যের স্বপক্ষে অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী’ ছবির উদাহরণ টেনে শিমা বলেন, সারাগড়ির যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাগুলি স্কুলের বইয়ে সেভাবে বিস্তারিত পড়ানো হয়নি বলেই ‘কেশরী’-র মতো ছবি তৈরি হয়েছে। তিনি কটাক্ষ করে আরও বলেন, টুইঙ্কল নিজে ওই ছবিটি দেখে সেই সময়ের হিংসার ইতিহাস উপলব্ধি করার পর নিশ্চয়ই চিকেন বা অন্যান্য খাবার খাওয়া ছেড়ে দেননি! শিমার প্রশ্ন, আমরা যদি ইতিহাসের হিংসা ও সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি ছবি দেখে শহিদদের সাহসিকতাকে সম্মান জানানোর পাশাপাশি খাবারও খেতে পারি, তবে ইতিহাস নিয়ে আলোচনার সময় হঠাৎ করে খাবারকে যুক্তি হিসেবে কেন দাঁড় করানো হচ্ছে? শেষে শিমা স্পষ্ট জানান যে, মুঘলরা ভারতে কেবল কাবাব বা কোর্মা নিয়ে আসেনি, তাদের শাসনকালে যুদ্ধ, আগ্রাসন এবং বিপুল রক্তপাতও হয়েছিল। তাই ইতিহাসকে শুধুমাত্র খাবারের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা একেবারেই উচিত নয়।