পুবের কলম ওয়েব ডেস্ক: নতুন সরকারের প্রথম বাজেটে স্কুলশিক্ষা দফতরের কর্মীদের একাংশ বঞ্চিত হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সেই কথা স্বীকার করে নিয়ে পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু ও চুক্তিভিত্তিক শিক্ষক-সহ একাধিক স্তরের কর্মীর ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
আগামী ১ নভেম্বর থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা মাসে ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।
এর ফলে উচ্চ প্রাথমিকের প্রায় ২১ হাজার ৮৪৯ জন শিক্ষক উপকৃত হবেন। পাশাপাশি রাজ্যের প্রায় ২ হাজার ২৮০ জন শিক্ষাবন্ধু এবং ২১ জন স্পেশাল এডুকেটরের ভাতাও ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের ২ হাজার ১৭৪ জন প্রশাসনিক কর্মীর ক্ষেত্রে বর্তমান ভাতার পরিমাণের উপর ভিত্তি করে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে এমএসকে সম্প্রসারক ও সম্প্রসারিকাদেরও ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্মীদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি পূরণের ফলে রাজ্যের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। এই বর্ধিত ভাতার জন্য রাজ্যের বছরে প্রায় ৩৯০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। পুজোর মুখে সরকারের এই ঘোষণায় খুশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে তাঁদের বেসিক পে চালুর দাবিও পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন।