পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের অগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতে ছুটতে পারে প্রথম বুলেট ট্রেন। সম্প্রতি ভারতের বুলেট ট্রেন প্রকল্পের অগ্রগতি নিয়ে এমনই আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের মে অথবা জুন মাসেই এই ট্রেনের পরীক্ষামূলক দৌড় বা ট্রায়াল রান শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভারতের প্রথম বুলেট ট্রেনটি মূলত মুম্বই এবং অহমদাবাদের মধ্যে চলাচল করবে। তবে পুরো পথে একবারে ট্রেন চালু না করে ধাপে ধাপে পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
সেই পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে গুজরাতের সুরত থেকে বিলিমোরা পর্যন্ত ৫০ কিলোমিটার ট্র্যাকে বুলেট ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের কাঠামোগত নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বগির সক্ষমতা এবং ভারবহন ক্ষমতা যাচাই করার জন্য এর পর 'স্কুইজ় টেস্ট' বা বিশেষ যান্ত্রিক পরীক্ষা করা হবে। ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই ট্র্যাকে বগিগুলি পরীক্ষামূলক ভাবে চালানো হবে।আরও পড়ুন:
মে-জুন মাসে পরীক্ষামূলক যাত্রা শুরু হওয়ার পর তা দুই থেকে চার মাস ধরে চলবে।
এই ট্রায়াল রান সফল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে বুলেট ট্রেনটির উদ্বোধন করবেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই স্বপ্নের পরিষেবা সম্পূর্ণ রূপে চালু হয়ে গেলে বডোদরা থেকে মুম্বই পৌঁছতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। উল্লেখ্য, প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা ব্যয়ের এই মুম্বই-অহমদাবাদ মেগা প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসে। গুজরাতের সাবরমতী স্টেশন থেকে যৌথভাবে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে। কাঠামোগত কাজ শেষ হওয়ার পর এবার সেই প্রকল্পই তার চূড়ান্ত রূপ পাওয়ার পথে এগোচ্ছে।