মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পরিচালনায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে পুণেতে বিক্ষোভে নামলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবারের এই আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁস, কোথাও পরীক্ষা পরিচালনা এবং ফলপ্রকাশে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এর ফলে এমপিএসসির উপর পরীক্ষার্থীদের আস্থা ক্রমশ কমছে। তাঁদের দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সোমবার ওমকারেশ্বর মন্দির থেকে শুরু হওয়া মিছিল জেলা কালেক্টরেটের সামনে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই মিছিলে অংশ নেন। আন্দোলনকে সমর্থন জানায় বিরোধী দলগুলিও। বিক্ষোভে যোগ দেয় শরদ পওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। কালো শার্ট পরে বিক্ষোভে অংশ নিয়ে বিধায়ক রোহিত পাওয়ার একটি গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন।

সম্প্রতি এক্সাইজ এমপিএসসি (ডিপার্টমেন্টাল) পরীক্ষা ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে রোহিত পাওয়ার কমিশনের নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে সরব হন। তাঁর দাবি, পরীক্ষায় নম্বর দেওয়ার পদ্ধতি ফাঁসের মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। এমনকী এক উচ্চপদস্থ যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

রোহিত পাওয়ার বলেন, “শিক্ষার্থীরা দিনে ২০ ঘণ্টা পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অথচ কমিশনের ভিতরের আধিকারিকদের বিরুদ্ধে পরীক্ষার সামগ্রী বিক্রির অভিযোগ উঠছে। পরিশ্রমী পরীক্ষার্থীদের সঙ্গে এই অন্যায় মেনে নেওয়া হবে না। এই মিছিল কোনও রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের যুবসমাজের ভবিষ্যতের লড়াই।”