পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি না নিয়ে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে নির্দেশ দেওয়ার বদলে সরাসরি পাহাড়ে উপস্থিত থেকেই তিনি দুর্যোগ মোকাবিলার তদারকি করতে চাইছেন।
আরও পড়ুন:
সফরসূচি অনুযায়ী, এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রীর সোজা কালিম্পং যাওয়ার কথা রয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে তিনি হেলিকপ্টারে যাবেন, অন্যথায় সড়কপথই ভরসা। কালিম্পং টাউন হলে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পের নানা সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই।
কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, টাউন হলের এই অনুষ্ঠানের পর সেখানে একটি প্রশাসনিক বৈঠকও সারবেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
কালিম্পংয়ের কর্মসূচি শেষে ওই দিনই সমতলে ফিরে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে উন্নয়নের পর্যালোচনার পাশাপাশি দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি নিয়েই সব চেয়ে বেশি জোর দেওয়া হবে। পাহাড়ের ধসপ্রবণ এলাকা, সংকীর্ণ ও বিপজ্জনক নদীখাত এবং রাস্তার নিরাপত্তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি, দুর্যোগ ঘনিয়ে এলে পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ জনবসতিগুলিতে যাতে দ্রুত সতর্কবার্তা পাঠানো যায়, তার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।