এসআইআর পর্বের পর দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া চলছে। এর মধ্যেই মায়ানমার সীমান্তবর্তী মণিপুরে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী শনাক্ত হওয়ার তথ্য সামনে এসেছে। সোমবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোন্থৌজাম বিধানসভায় জানিয়েছেন, এখনও পর্যন্ত মণিপুরে মোট ২৪ হাজার ৪৭৫ জন অবৈধ অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের অধিকাংশই মায়ানমারের নাগরিক বলে জানিয়েছেন তিনি।

শনাক্তদের মধ্যে ১৪ হাজার ৯৯২ জনকে ইতিমধ্যেই মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বাকি ৯ হাজার ৪৮৩ জন রাজ্যের বিভিন্ন এলাকায় রয়েছেন। তাঁদেরও নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে ঠিক কোন সময়ের মধ্যে এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিধানসভায় বিস্তারিত তথ্য দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

মণিপুরে বর্তমানে বিধানসভার অধিবেশন চলছে। সেখানে কংগ্রেস বিধায়ক টি লোকেশ্বর সিংয়ের প্রশ্নের জবাবে জেলার ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেন কোন্থৌজাম।

মন্ত্রী জানান, কামজং জেলায় ৬ হাজার ৫৪৫ জন, তেংনৌপাল জেলায় ৩ হাজার ৫৬০ জন এবং চান্দেল জেলায় ১৪ হাজার ৩৭০ জন অবৈধ অভিবাসীকে শনাক্ত করা হয়েছে।

চান্দেল জেলায় শনাক্ত ১৪ হাজার ৩৭০ জনের মধ্যে ৯ হাজার ৬০০ জন ইতিমধ্যেই মায়ানমারে ফিরে গিয়েছেন।

বাকি ৪ হাজার ৭৭০ জন এখনও ওই জেলাতেই রয়েছেন। তেংনৌপালে শনাক্ত ৩ হাজার ৫৬০ জনের মধ্যে মাত্র ১৪ জন মায়ানমারে ফিরে গিয়েছেন। ফলে ৩ হাজার ৫৪৬ জন এখনও সেখানে রয়েছেন। অন্যদিকে কামজংয়ের ৬ হাজার ৫৪৫ জনের মধ্যে ৫ হাজার ৩৭৮ জনকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, মণিপুরে এখনও থাকা মায়ানমারের নাগরিকদের সীমান্তবর্তী জেলাগুলির বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাঁদের নিজ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চালানো হচ্ছে বলে বিধানসভায় জানিয়েছেন তিনি।