পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় দীর্ঘ ছ’মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে দেশে রান্নার গ্যাস এবং তরল প্রাকৃতিক গ্যাসের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই জোড়া মূল্যবৃদ্ধির আবহে আমজনতাকে কিছুটা স্বস্তি দিতে গ্রামীণ এলাকায় রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্রামাঞ্চলের গ্রাহকরা এখন থেকে ৪৫ দিনের বদলে ২৫ দিন অন্তর রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে আগের ২৫ দিনের নিয়মই অপরিবর্তিত থাকছে।
মূলত যুদ্ধের জেরে জ্বালানি ভাণ্ডারে চাপ তৈরি হওয়ায় এবং গ্যাসের বাড়তি মজুত ও কালোবাজারি রুখতেই গত মার্চ মাসে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সময়সীমা বেঁধে দিয়েছিল মোদি সরকার। সেসময় গ্রামাঞ্চলের জন্য ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন সময়সীমা ধার্য করা হয়। বর্তমানে গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতেই গ্রামীণ এলাকার সময়সীমা কমানোর এই নতুন পদক্ষেপ করা হয়েছে বলে কেন্দ্রের দাবি।
প্রসঙ্গত, গত ৭ জুন দেশে শেষবার গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছিল। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, গত ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে অগস্ট মাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের যে দাম ২৮৭২.৫০ টাকা ছিল, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৮৮২ টাকায়। এছাড়া, বাণিজ্যিক গ্যাসের দাম দিল্লিতে ২৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে ২৯০৬ টাকায় পৌঁছেছে।