পুবের কলম ওয়েবডেস্ক, বাড়ি বলতেই চোখের সামনে ভেসে ওঠে ঘর, বারান্দা, রান্নাঘর কিংবা উঠোন। কিন্তু পোল্যান্ডের রাজধানী ওয়ারশে এমন এক বাড়ি রয়েছে, যার সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৭২ সেন্টিমিটার—প্রায় দেড় হাত। নাম ‘কেরেট হাউস’। জায়গার পরিমাণও মাত্র ১৫০ বর্গফুট।
দুটি ভবনের মাঝখানে থাকা এক ফালি অব্যবহৃত জমিতে বাড়িটি তৈরি করেছেন পোলিশ স্থপতি ইয়াকুব শেজেসনি।
আরও পড়ুন:
বাড়িটির সবচেয়ে চওড়া অংশ ১২২ সেন্টিমিটার। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে দুহাত বাড়ালেই দুই পাশের দেয়াল ছোঁয়া সম্ভব। জায়গা কম হলেও রয়েছে রান্নাঘর, বসার ও খাওয়ার জায়গা, কাজের স্থান, শৌচাগার, গোসলখানা এবং শোবার ঘর।
তিন স্তরে সাজানো বাড়িটির নিচের অংশ দিয়ে প্রবেশ করতে হয়।
ইসরায়েলি লেখক এতগার কেরেটের জন্য তৈরি বাড়িটি তিনি কাজের জায়গা ও মাঝেমধ্যে থাকার জন্য ব্যবহার করেন। অস্বাভাবিক গড়নের কারণে নগর কর্তৃপক্ষ এটিকে বাড়ি নয়, শিল্পস্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রায় তিন বছর নির্মাণকাজের পর ২০১২ সালের অক্টোবরে এটি সম্পূর্ণ হয়। সম্প্রতি ভারতীয় ইনফ্লুয়েন্সার ঋষভ ওয়াধাওয়া বাড়িটি ঘুরে ভিডিও প্রকাশ করলে নতুন করে আলোচনায় আসে ‘কেরেট হাউস’।