পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হল এক বিখ্যাত মণিপুরি গায়ককে। নিহতের নাম সি বিক্রম সিং (৫৪)। সোমবার গভীর রাতে দিল্লির কিলোকারি ভিলেজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মেতেই সম্প্রদায়ের ওই গায়কের বাড়ির সামনে একদল ডেলিভারি বয় এবং ধাবার কর্মী মদ্যপ অবস্থায় তুমুল চেঁচামেচি করছিল।
তিনি বাড়ি থেকে বেরিয়ে তাদের সেখান থেকে সরে যেতে বলেন। অভিযোগ, এরপরই ওই মদ্যপ যুবকেরা তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাঁর ছেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় দিল্লি পুলিশ ইতিমধ্যেই এক নাবালক-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা শহরের বিভিন্ন ধাবা ও খাবারের দোকানে কাজ করে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।আরও পড়ুন:
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি রাজধানীর বুকে উত্তর-পূর্ব ভারতের মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে তিনি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ইস্ট স্টুডেন্টস সোসাইটিও এই বর্বরোচিত খুনের ঘটনার কড়া নিন্দা করেছে।