পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামে ছেলেদের পিজি বহুতল ধসে পড়ার ঘটনায় অবশেষে বড়সড় পদক্ষেপ করল দিল্লি পুরনিগম (এমসিডি)। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নির্দেশে সাউথ জোনের ডেপুটি কমিশনারসহ মোট পাঁচজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭-এ।
 
প্রশাসন সূত্রে খবর, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— সাউথ জোনের ডেপুটি কমিশনার রাকেশ কুমার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রণবীর সিং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (বিল্ডিং) ললিত কুমার গোয়েল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিল্ডিং) সুনীল চৌহানও জুনিয়র ইঞ্জিনিয়ার (বিল্ডিং) আশিস কুমার।


 
 বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে রাকেশ কুমার, রণবীর সিং এবং আশিস কুমার পূর্ববর্তী মালব্য নগর অগ্নিকাণ্ডের সময়ও সাউথ জোনেই কর্মরত ছিলেন। সেই সময় তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সত্য নিকেতনের ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনিক গাফিলতি ঢাকতেই এই বরখাস্তের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
 
 এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে দিল্লি হাইকোর্ট একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
আদালত দিল্লি পুরনিগমের কাছে জানতে চেয়েছে— ১. ভবনটিতে কোনো রূপান্তরের বা মেরামতের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল কি না। ২. পুর-আধিকারিকদের পক্ষ থেকে কোনো চরম গাফিলতি ছিল কি না এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। জোনভিত্তিক অতিরিক্ত কমিশনাররা ব্যক্তিগতভাবে এই পরিদর্শন কাজ পর্যবেক্ষণ করবেন বলে পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে। বহুতল পরিদর্শনের সঠিক রিপোর্ট জমা না পড়লে আরও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।