পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের আগে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ঘিরে বড়সড় গলদ প্রকাশ্যে এল। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নীতা-মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রীর কর্মসূচির আগেই আগ্নেয়াস্ত্র-সহ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করল মুম্বই পুলিশ। ধৃতদের মধ্যে এক জন জাল পরিচয়পত্র ব্যবহার করে নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) আধিকারিক হিসেবে দাবি করেছিল এবং অপর ব্যক্তিকে নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বলে পরিচয় দিয়েছিল।
আরও পড়ুন:
মঙ্গলবার সন্ধ্যায় ওই সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তিনি সেখানে পৌঁছনোর আগেই অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, সে নিজেকে পিএমও কর্তা বলে পরিচয় দেয় এবং একটি পরিচয়পত্রও দেখায়। তবে সেই পরিচয়পত্রটি যাচাই করার পরেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন যে সেটি সম্পূর্ণ ভুয়ো। এরপরই তৎপরতার সঙ্গে ওই যুবক এবং তার সঙ্গীকে আটক করা হয়। তাদের তল্লাশি করার সময় কথিত নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করে পুলিশ।আরও পড়ুন:
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ভুয়ো পরিচয়পত্র দেখানো ওই যুবকের নাম রোহন পারেখ।
ঠিক কী কারণে এবং কী উদ্দেশ্যে তারা জাল পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে এত বড় মাপের একটি অনুষ্ঠানের নিরাপত্তার ঘেরাটোপ পার হওয়ার চেষ্টা করছিল, তা মুম্বই পুলিশের অপরাধদমন শাখা খতিয়ে দেখছে। গুজরাতের বডোদরায় একটি কর্মসূচি সেরে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তার ঠিক আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ভিভিআইপি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে তাদের মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পরেই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।