পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের আগ্রার বাহ্ এলাকার গঢ়ওয়ার গ্রামে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খানাখন্দে ভরা ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রায় দুই ঘণ্টা পথেই আটকে থাকে একটি সরকারি অ্যাম্বুলেন্স। দীর্ঘ অপেক্ষার পর প্রসূতি মা হাসপাতালে পৌঁছালেও ততক্ষণে প্রাণ হারিয়েছে তাঁর সদ্যজাত কন্যাসন্তান। স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটির বিভাগীয় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটে গত ২ সেপ্টেম্বর।
পরিবার সূত্রে খবর, ২ সেপ্টেম্বর, প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে খানাখন্দে ভরা রাস্তায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স। রাস্তা থেকে গাড়ি উদ্ধার করে হাসপাতালে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা অতিরিক্ত সময় নষ্ট হয়। দীর্ঘ বিলম্বের পর যখন ওই প্রসূতি হাসপাতালে পৌঁছান, ততক্ষণে চিকিৎসকরা জানান শিশুটির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে।
গত ৫ সেপ্টেম্বর 'তহশিল দিবস' চলাকালীন এই মর্মান্তিক ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পান মহকুমা শাসক বিনোদ কুমার। তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং লোকনির্মাণ বিভাগ বা পিডব্লিউডি-র কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে, এই ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি তোপ দেগে বলেন, "এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে—বিজেপির দুর্নীতির কারণে আজও এমন শিশুদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে, যারা সদ্য পৃথিবীতে পা রেখেছে।"