পুবের কলম ওয়েব ডেস্ক: অধিবেশনের শুরুতেই শাসকদল টিভিকে এবং বিরোধী দল ডিএমকে-এর তীব্র বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল তামিলনাড়ু বিধানসভা। স্পিকারের নির্দেশ অমান্য করে পোডিয়ামের সামনে বিক্ষোভ দেখানোর জেরে মঙ্গলবার মার্শাল ডেকে বিরোধী ডিএমকে বিধায়কদের বিধানসভা কক্ষ থেকে বার করে দেওয়া হল।
এই সংঘাতের সূত্রপাত হয় সোমবার।

 বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ‘তলপতি’ ইডি-র তদন্ত রিপোর্টের প্রসঙ্গ তুলে পূর্বতন ডিএমকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির জোরালো অভিযোগ আনেন। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই ডিএমকে-এর পরিষদীয় দলের মুখ্যসচেতক ইভি ভেলু মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের একাংশ সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য স্পিকার জেসিডি প্রভাকরের কাছে আবেদন জানান।

কিন্তু স্পিকার সেই আবেদন সরাসরি খারিজ করে দেন। তিনি পাল্টা যুক্তি দেন, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে এমন কিছু ছিল না যা সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল নন। তাই কার্যবিবরণী থেকে মন্তব্যটি বাদ দেওয়ার কোনও যৌক্তিকতা তিনি দেখেননি।

স্পিকারের এই সিদ্ধান্তের পরেই তীব্র প্রতিবাদ শুরু করেন এমকে স্ট্যালিনের দলের বিধায়কেরা। তাঁরা পোডিয়ামের সামনে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন।

স্পিকার তাঁদের মনে করিয়ে দেন যে, আগের দিনও তাঁরা মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর তিনি বিক্ষোভকারীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় শাসকদল টিভিকে-এর এক বিধায়ক বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। স্পিকার ডিএমকে বিধায়কদের সরে যাওয়ার জন্য এক মিনিট সময় দিলেও তাঁরা কর্ণপাত করেননি। বাধ্য হয়ে স্পিকারের নির্দেশে মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের টেনেহিঁচড়ে অধিবেশনকক্ষের বাইরে বার করে দেওয়া হয়। বাইরে যাওয়ার সময়ও তাঁরা টিভিকে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।