পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর জিটিএ দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিগত তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। ১১টি বোর্ডের টাকা নয়ছয় থেকে শুরু করে পাহাড়ে পানীয় জল ও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি, লুটের টাকাও উদ্ধার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর কপ্টারে করে কালিম্পং যাওয়ার কথা থাকলেও, ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে তা শিলিগুড়িতে ফিরে আসে। এরপর তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী উত্তরকন্যার প্রশাসনিক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উত্তরের ভারী বৃষ্টি, ধস, তিস্তার বর্তমান অবস্থা এবং মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যার বৈঠকে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান এবং দুর্নীতির কথা তুলেছিলেন।

তারপরই জিটিএ-তে যে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।

পাহাড়ের সার্বিক উন্নয়নই যে বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য, তা এদিন বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে জিটিএ-র বাজেট দ্বিগুণ করা হয়েছে। এছাড়া, কালিম্পংয়ে একটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণাও করেছেন তিনি, যার জন্য খুব শীঘ্রই ভূমিপুজো সম্পন্ন হবে। পাশাপাশি, গত বছর পুজোর সময় মিরিকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের হাতে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দিয়েছে বর্তমান রাজ্য সরকার।