পুবের কলম ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটের যে ভবনের সপ্তম এবং অষ্টম তলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে, সেই বাড়ির মালিকপক্ষ এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার গোয়েঙ্কা পরিবারের তরফে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সব্যসাচী ভাট্টাচার্যের এজলাসে একটি মামলা দায়ের করা হয়েছে।

 মালিকপক্ষের অভিযোগ, ক্যামাক স্ট্রিটের ওই দফতরটি অভিষেকেরা জোর করে দখল করে রেখেছেন। এই ভাড়া সংক্রান্ত জটিলতা এবং উচ্ছেদের দাবি নিয়ে এর আগে নিম্ন আদালতে মামলা করা হলে, বিচারক সেখানে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।

এ বার নিম্ন আদালতের সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশকেই হাই কোর্টে চ্যালেঞ্জ করল ওই ভবনের মালিকপক্ষ।
এই আইনি লড়াইয়ের নেপথ্যে রয়েছে দমকল বিভাগের একটি সাম্প্রতিক নির্দেশিকা। কিছু দিন আগে দমকল বিভাগের তরফ থেকে ভবনের মালিককে একটি নোটিস দিয়ে জানানো হয় যে, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয় এবং অবিলম্বে তা খালি করতে হবে।

 দমকলের এই নোটিসের ভিত্তিতেই মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়।

অন্যদিকে, দমকলের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল শিবির। আদালত তাদের মামলা দায়েরের অনুমতি দেয়। সেই শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও মন্তব্য করেন যে, অভিষেকরা ওই ভবনের ভাড়াটিয়া, তাই জায়গা খালি করার জন্য তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে কি না, তা দেখা প্রয়োজন। পাশাপাশি, মালিকপক্ষ কেন আদালতে আসেনি, সেই প্রশ্নও তোলেন তিনি। সোমবার হাই কোর্টে তৃণমূলের তরফে নিম্ন আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। ঠিক তার পরের দিন, মঙ্গলবারই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে গেল মালিকপক্ষ।