পুবের কলম ওয়েব ডেস্ক: খাদ্যসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। পচা মাংস, ছত্রাক ধরা মিষ্টি এবং খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় শহরের নামী-দামি রেস্তরাঁ ও খাদ্যবিপণি-সহ মোট ৪০টি দোকানের ট্রেড লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত এই সংখ্যা ছিল ৩১, যা মঙ্গলবার বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, সাসপেন্ড হওয়ার তালিকায় নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান এবং শিমলা বিরিয়ানির মতো শহরের একাধিক জনপ্রিয় ও প্রথম সারির রেস্তরাঁর নাম রয়েছে।
আরও পড়ুন:
পুরসভা সূত্রে জানানো হয়েছে, শহরের রেস্তরাঁগুলিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রান্তের পাশাপাশি নামী শপিং মলের ফুড কোর্টগুলিতেও ধারাবাহিক ভাবে আচমকা হানা দেন আধিকারিকেরা।
মোট ৫৯২টি রেস্তরাঁ এবং মিষ্টির দোকানে এই অভিযান চালানো হয়। সেখানে হেঁশেলে ঢুকে রান্নাঘরের পরিবেশ, খাবার মজুত করার পদ্ধতি এবং গুণমান পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হয়। তল্লাশিতে একাধিক জায়গায় পচা-বাসি মাংস, ছত্রাক ধরা মিষ্টি, নিম্নমানের মশলা এবং নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ মেলে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই কড়া ব্যবস্থা নিয়েছে পুরসভা।কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, বর্তমান পুর আইনে সরাসরি লাইসেন্স বাতিলের কোনও সংস্থান নেই। তাই আপাতত দু’সপ্তাহের জন্য ওই রেস্তরাঁ ও খাদ্যবিপণিগুলির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্ত সংস্থাগুলিকে পুরসভার কাছে জবাবদিহি করতে হবে এবং নিজেদের পরিকাঠামোয় খাদ্যসুরক্ষা বিধি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
আরও পড়ুন:
খাদ্যে ভেজাল রোধে রাজ্য প্রশাসনের এই সক্রিয়তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, সম্প্রতি হগ মার্কেট বা নিউ মার্কেট চত্বরে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ফ্ল্যাট জালিয়াতি থেকে শুরু করে সব্জি-মাছে ক্ষতিকর রঙের প্রয়োগ কিংবা মাপে কারচুপি যে কোনও ধরনের অসাধু কারবারের বিরুদ্ধে রাজ্য সরকার ‘জ়িরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি নিয়ে চলবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই শহর জুড়ে ক্রেতা সুরক্ষা ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে পুরসভার এই নজিরবিহীন অভিযান শুরু হয়েছে।