পুবের কলম, ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করা এবং সমস্ত নাগরিকের সমান অধিকার বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করল বাংলাদেশ সরকার। একইসঙ্গে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও কল্যাণে সরকার যে জোরকদমে কাজ করছে, তা জানিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে তারেক সরকার।
 
সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান সুযোগ-সুবিধা ও স্বাধীনতা ভোগ করার অধিকার দিতে সরকার প্রতিশ্রুতবদ্ধ। ধর্মমন্ত্রীর বক্তব্য, "ধর্ম যারই হোক না কেন, বাংলাদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে। সব ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের সরকারের মূল রাষ্ট্রীয় নীতি।

" কায়কোবাদ বলেন, সরকারি কল্যাণমূলক পরিকল্পনা ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকল নাগরিককে সমান নজরে দেখা হয় এবং এই নীতিতে রাষ্ট্র অবিচল থাকবে।
 
সংসদে সরকারি দলের সংসদ সদস্য সুবর্ণ সিকদারের একটি প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী ট্রাস্টের আর্থিক সক্ষমতার বিষয়টি স্পষ্ট করেন। ট্রাস্টের তহবিল সংকট এবং তার সীমিত পরিসর নিয়ে সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তা খারিজ করেন মন্ত্রী। প্রসঙ্গত, অতীতে উৎসবের সময় ঘটে যাওয়া একাধিক সাম্প্রদায়িক সহিংসতা ও হামলার স্মৃতি সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে সরকারের এই আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ইতিমধ্যে আসন্ন দুর্গাপূজা যাতে কোনো বাধা বা ভয়ভীতি ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।